ফেসবুকে পোস্ট-কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, ২ জন গ্রেপ্তার

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ (২৩) হত্যাকাণ্ডের পাঁচ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া। আটক দুই যুবক হলেন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম ও আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ।

ওসি এরশাদুল ইসলাম ভূঁইয়া জানান, সুনামগঞ্জ থেকে রাসেল আহমদ শাহ হত্যা মামলায় এসআরবি দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর সিলেটের দক্ষিণ সুরমার সিলাম চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একজনের পোস্ট ও তাতে অন্যজনের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিরোধ শুরু হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নাতদন্ত শেষে গত শনিবার রাসেলের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।