রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতির সময় চোট পান রাফিনিয়া। এই চোটের কারণে বার্সেলোনার পরের দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন কাতালন কোচ হান্সি ফ্লিক। 

বার্সা কোচ জানিয়েছে, ঊরুর চোট থেকে সেরে উঠতে রাফিনিয়ার সময় লাগবে। ফলে শনিবার গেতাফের বিপক্ষে লা লিগা ও মঙ্গলবার গ্যালাতাসারেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না। যদিও ফ্লিক জোর দিয়ে বলেছেন, সমস্যা গুরুতর নয়।

গত ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে চোট পান রাফিনিয়া। ৪-২ গোলে সেলেসাওদের জেতা ম্যাচে হাফটাইমে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

পরে দলের ট্রেনিং ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নেন রাফিনিয়া। ভারতের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে ছিলেন না তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, স্বাস্থ্য পরীক্ষায় ডান ঊরুর পেছনে পেশির টিস্যুতে হালকা ফোলা দেখা গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক জানান, পূর্বসতর্কতা হিসেবে রাফিনিয়াকে আপাতত বাইরে রাখা হচ্ছে। তিনি বলেন, ‘ছবিতে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা বড় ইনজুরি নয়।’

রাফিনিয়াকে না পাওয়া বার্সেলোনার জন্য বড় ধাক্কা। মাত্র আট ম্যাচ খেলে ১৪ গোল ও তিন অ্যাসিস্টে ক্লাবের প্রাণভোমরা হয়ে উঠেছেন তিনি।

বার্সেলোনা প্রথম সাত ম্যাচ জিতে লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। আগামী ২৫ অক্টোবর প্রথম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচেই রাফিনিয়াকে পাওয়ার আশা করছে বার্সেলোনা।