আমিই রিয়ালকে ডুবিয়েছি: মরিনহো

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭

ঘরের মাঠে অপরাজেয় থাকার ধারায় ছেদ পড়লো রিয়াল মাদ্রিদের। আলাভেসের কাছে ২-১ গোলের হারে চলতি মৌসুমে নিজেদের মাঠে প্রথম পরাজয়ের মুখ দেখেছে স্প্যানিশ জায়ান্টরা। 

ম্যাচ শেষে রেফারি সোটো গ্রাদোর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ হোসে মরিনহো। তবে হারের দায় অন্য কারও ওপর চাপাননি তিনি। বরং বলেছেন, দলের পরাজয়ের জন্য দায়ী তিনি নিজেই।

গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন মরিনহো। বিশেষ করে ফাউল ও সময় নষ্ট করার ঘটনায় রেফারির নমনীয় আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

বেঞ্চ থেকে মাঠে বল ছুড়ে দেওয়ার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানোর নিয়ম থাকলেও রেফারি দুবার সেটি উপেক্ষা করেছেন বলে অভিযোগ তার।

রেফারির আগের কয়েকটি সিদ্ধান্তের কথাও মনে করিয়ে দিয়েছেন মরিনহো। 

তার দাবি, একই রেফারি আগে কিলিয়ান এমবাপেকে, পরে ভিনিসিয়ুস জুনিয়রকে এবং এবার জুড বেলিংহামকে লাল কার্ড দেখিয়েছেন। এরপর রসিকতা করে বলেছেন, আগামী মৌসুমে হয়তো থিবো কোর্তোয়াও তার শিকার হতে পারেন। রেফারি নিজেকে ক্ষমতাবান ও ‘দানব’ হিসেবে তুলে ধরতে পছন্দ করেন বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাচে বেলিংহামের লাল কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনহো। 

তার মতে, বেলিংহামকে ফাউল করা হয়েছিল এবং সেটি পেনাল্টি হওয়ার কথা। তবে হারের জন্য রেফারিকে দায়ী করতে রাজি নন তিনি।

আলাভেসের বিপক্ষে দলের কৌশল নিয়েও কথা বলেছেন মরিনহো। প্রতিপক্ষ বলের দখলে না থেকে দ্রুত আক্রমণে ওঠায় রিয়ালের জন্য জায়গা তৈরি করা কঠিন হয়ে পড়ে। আক্রমণে বাড়তি শক্তি যোগ করতে আরদা গুলেরকে তুলে এসপিকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ভিনিসিয়ুসকে মাঠে রাখার ব্যাখ্যায় মরিনহো জানান, গুলের ও বার্নার্দো সিলভার খেলার ধরন কাছাকাছি হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তুলে নিতে চাননি।

দলের খেলোয়াড়দের পর্যাপ্ত উদ্যম ও শক্তির অভাবও চোখে পড়েছে মরিনহোর। তবে একসঙ্গে অনেক পরিবর্তন আনলে দলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় বেশি বদলি নামাননি তিনি। ম্যাচটি কয়েকবার দেখে দলের ভুলগুলো বিশ্লেষণ করতে চান এই পর্তুগিজ কোচ।

সবশেষে হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন মরিনহো।

তার ভাষায়, ‘রিয়ালকে ডুবিয়েছি আমিই।’ ভিনিসিয়ুসকে নিয়ে সমর্থকদের অসন্তোষের প্রসঙ্গেও আলাদা করে কিছু বলতে চাননি তিনি। বরং দলের অন্যদের মতো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও প্রত্যাশামতো খেলতে পারেননি বলে মন্তব্য করেছেন।

ইত্তেফাক/পিএস