গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলাসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।