একটি দুটি নয়, একেবারে ৩৫টি গান নিয়ে নতুনভাবে কম্পোজিশন করছেন দেশের অন্যতম গিটারিস্ট, কম্পোজার রাজীব হোসেন। এরই ভেতরে বেশকিছু গান তৈরি করে ফেলেছেন তিনি। গেয়েছেন আলিফ আলাউদ্দিন, আরিফসহ অনেকে।
রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর সঙ্গে একাধিক ইভেন্টে বাজিয়েছেন, জ্যাম সেশনে অংশ নিয়েছেন দেশের গুণী এই গিটারিস্ট। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও তার কাজগুলো নিয়ে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই এই ৩৫টি গান রিকম্পোজ করছেন।
এই ভিন্নধর্মী প্রজেক্ট প্রসঙ্গে রাজীব হোসেন বলেন, ‘আমি গানের মূল কর্ড প্রগ্রেশন ঠিক রেখে আমার মতো করে কম্পোজিশন করেছি। তাই এটাকে কাভার বলা যাবে না। আমি আমার মতো করে তার অসাধারণ কাজগুলো উপস্থাপন করবো। আশা করছি এ বছর গানগুলো রিলিজ দিতে পারবো।’
এদিকে গানগুলো কোনো ব্যানারে মুক্তি দেবেন কি-না এটা জানতে চাইলে রাজীব বলেন, ‘না, একেবারেই নিজের ইউটিউব চ্যানেলে গানগুলো সংরক্ষিত রাখা হবে।’