মেসি-রোনালদোকে এক দলে খেলার আমন্ত্রণ!

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলের হয়ে খেলতে দেখা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন। প্রায় দুই দশক ধরে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা এই দুই মহাতারকাকে একই জার্সিতে দেখার সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে। এমনই একটি উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ।

২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান তেভেজ। তবে নিজের প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা তার পূরণ হয়নি। সেই অপূর্ণতা ঘোচাতেই এবার একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ইনফোবায়ে'-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর ২০২৬ লা বোম্বোনেরায় ম্যাচটি আয়োজনের উদ্যোগ নিয়েছেন তেভেজ। এ বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সম্মতিও পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আয়োজনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে মেসি ও রোনালদোকে একই দলের হয়ে খেলার আমন্ত্রণ। 

সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম 'ওলগা'কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান তেভেজ। বছরের শেষ দিকে লা বোম্বোনেরার ঐতিহাসিক পরিবেশে এমন একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চান তিনি। নিজের বিদায়ি ম্যাচের পাশাপাশি ফুটবলের দুই প্রজন্মজয়ী তারকাকে একই দলে দেখার সম্ভাবনাই এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে।

মেসি ও রোনালদোর সঙ্গে তেভেজের সম্পর্কও এই পরিকল্পনাকে বাস্তবসম্মত করে তুলতে পারে। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন তিনি। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় রোনালদোর সতীর্থ ছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই তারকার সঙ্গেই খেলার অভিজ্ঞতা থেকে তাদের একই দলে আনার ব্যাপারে আশাবাদী তেভেজ। ওলগার অনুষ্ঠানে তিনি জানান, রোনালদোকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব নিজেই নিতে চান। একই সঙ্গে মেসিকেও নিজের দলের হয়ে খেলাতে চান তিনি। 

মেসি-রোনালদো জুটিই সম্ভাব্য ম্যাচটির একমাত্র আকর্ষণ নয়। তেভেজ তার ক্যারিয়ারের সেরা সতীর্থদের নিয়ে একটি তারকাখচিত দল গড়ার পরিকল্পনাও করছেন। এতে জায়গা পেতে পারেন বিভিন্ন ক্লাব ও দেশের একাধিক কিংবদন্তি ফুটবলার।

গোলরক্ষক হিসেবে আলোচনায় রয়েছে ইতালির জিয়ানলুইজি বুফন ও নেদারল্যান্ডসের এডউইন ভ্যান ডার সারের নাম। রক্ষণভাগে দেখা যেতে পারে রিও ফের্দিনান্দ, নেমানিয়া ভিদিচ, জর্জো চিয়েল্লিনি ও লিওনার্দো বোনুচ্চির মতো তারকাকে। মাঝমাঠে তেভেজের পছন্দের তালিকায় রয়েছেন আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস ও হুয়ান রোমান রিকেলমে। আর আক্রমণভাগে তেভেজের সঙ্গে মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখা গেলে সেটিই হবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি।