বাংলাদেশের সমর্থকদের কুইন সুলিভান বললেন, ‘আপনাদের সবাইকে ভালোবাসি’

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা ও নিজের পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলেছেন মার্কিন ফুটবলার কুইন সুলিভান। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে তার পারিবারিক সংযোগ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মিডফিল্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুইন সুলিভানের কমেন্ট বক্স নিয়মিতভাবে বাংলাদেশের পতাকায় ভরে যায়। এ প্রসঙ্গে কুইন সুলিভান জানান, এই সমর্থন একেবারেই অবিশ্বাস্য এবং তারা এটিকে কখনোই হালকাভাবে নেন না। এত মানুষের ভালোবাসা এবং কোনো কিছুর অংশ হওয়ার এই আকুলতা তার কাছে অত্যন্ত বিশেষ কিছু। 

বাংলাদেশের অসাধারণ এই ফ্যানবেসের উদ্দেশে তিনি বলেন, 'আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ কিছু। অসাধারণ একটি ফ্যানবেস এবং আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।'

নিজের বাংলাদেশি ঐতিহ্য সম্পর্কে কুইন সুলিভান জানান, তার মায়ের মা (নানি) বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, সেখানেই বড় হয়েছেন এবং এখনও দেশেই বসবাস করছেন। তার নানি দেশ থেকে বাইরে এসে নানার সঙ্গে পরিচিত হন, আর এভাবেই তাদের পারিবারিক শেকড়ের সূত্রপাত।

বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে খেলেছে কুইন সুলিভানের দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। দেশের হয়ে তারা বয়সভিত্তিক সাফের ট্রফিও জিতেছেন। দুজনেই রাতারাতি তারকা বনে গেছেন বাংলাদেশের ফুটবলে।

ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলা কুইন বলেন, বিশেষ করে যমজ ভাইদের (রোনান ও ডেকলান) জন্য বাংলাদেশ থেকে পাওয়া এই অকৃত্রিম সমর্থন ও ভালোবাসা সম্পর্কে তাদের সচেতন করার পেছনে পরিবারের বিশেষ অবদান রয়েছে।