কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তবে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শরীফুল আলম বলেন, ইতোমধ্যে দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের তুলনায় এবার আরও ভালোভাবে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।
মাদক সমস্যা প্রসঙ্গে শরীফুল আলম বলেন, মাদক শুধু টাঙ্গাইলের নয়; এটি সারা দেশের জাতীয় সমস্যা। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সচেতন ও উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত অপরাধে টাঙ্গাইলে যে পরিমাণ মামলা হয়েছে, তা অন্য কোনো জেলায় হয়নি।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।
এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।