টাঙ্গাইলে খুঁটিতে বেঁধে ৮ বছরের শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গুবোদিয়া গ্রামে চোর সন্দেহে ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মধুপুর থানায় মামলাটি দায়ের হয়। এর আগে শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মধুপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামের গফুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির বাবা-মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর নানা-নানি তার দেখভাল করছিল।

গ্রামবাসী জানায়, ওই এলাকায় স্থানীয় একটি দোকান থেকে টাকা চুরির কথিত অভিযোগে একই গ্রামের এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে চুরির অভিযোগে প্রকাশ্যে মারপিট শুরু করে। এক পর্যায়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে শিশুর নানা গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজীব কান্তি পাল নির্যাতিত শিশুটি হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক বলেন, শিশু নির্যাতনের এমন বর্বর ঘটনা কেউ মেনে নিতে পারে না। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি