নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনে একটি নির্জন স্থানে রাসেলকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনের নির্জন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।