পাকিস্তানের বিপক্ষে জয় যেন অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। আজ বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে খেলার আশা টিকে থাকত পাকিস্তানের। তবে ৩২ রানের হারে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো স্বাগতিকদের। আগামী ১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
প্রথম চার ম্যাচে মাত্র একটিতে হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাঁচ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের দুটি হারই শ্রীলঙ্কার বিপক্ষে। পাঁচ ম্যাচে দুই পয়েন্ট পাওয়া পাকিস্তান আগামীকাল শ্রীলঙ্কাকে হারালেও সর্বোচ্চ চার পয়েন্ট পাবে। ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে লড়াই চালিয়ে যান রাভাইল ফারহান। ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করেন তিনি। তবে ১৩তম ওভারের চতুর্থ বলে রাভাইল রানআউট হলে পাকিস্তানের জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করতে পারে স্বাগতিকেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রাভাইল। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফিজা ফায়াজ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলাম ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৪ রান। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহার বানু ও মাহনুর জেব একটি করে উইকেট নেন।