রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের আশ্বাসের পর রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এতে প্রায় ১১ ঘণ্টা পর সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে। দুই পাশে আটকে পড়া পর্যটকেরাও নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অবরোধকারীরা প্রশাসনের সঙ্গে আলোচনার পর আগামী দু’দিনের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে বলে ওসি জানান।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে দীঘিনালার জোড়াব্রিজ থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সড়কের গঙ্গারাম বাজার, রেতকাবা মুখ, দোপাতাছড়া, উজোবাজারসহ সড়কের বিভিন্ন জায়গায় গাছ ও টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে অবরোধকারীরা। এই পরিস্থিতিতে খাগড়াছড়ি ও সাজেক থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ। এছাড়া সাজেক পর্যটনকেন্দ্রে আটকা অনেক পর্যটক।
পরে প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিকেল ৫টায় দুই দিনের সময় বেধে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এরপরই স্বাভাবিক হতে শুরু করে সাজেক ভ্রমণ।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবরোধ ৪৮ ঘণ্টার জন্য প্রত্যাহার করা হয়েছে। এসময় আমরা কিছু দাবি তুলে ধরেছি। দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টা সময়ে জেএসএস সদস্যদের সরিয়ে নিতে হবে, জেএসএস সদস্যরা কাউকে হত্যার হুমকি দেবে না, প্রশাসন কর্তৃক সাধারণ নিরীহ জনগণের ঘরবাড়ি তল্লাশি করা যাবে না।
সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, অবরোধকারীরা দুই দিনের সময় বেধে দিয়ে কিছু দাবি জানিয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনার পর রোববার বিকেল ৫টায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন তারা।
এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
এদিন সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।