অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে লিবিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এমএসএফ মঙ্গলবার ঐ আশঙ্কার কথা জানিয়েছে টুইটারে একটি বিবৃতি দিয়েছে। এমএসএফ বলেছে, ‘শতাধিক প্রাণহানি হয়েছে এবং কেউ নিশ্চিতভাবে কিছু জানবে না, এরকম সবচেয়ে খারাপটা আশঙ্কা করার সবগুলো কারণই বিদ্যমান রয়েছে।’ লিবিয়ার কোস্ট গার্ড তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের একটি ট্রানজিট রুট হয়ে উঠেছে লিবিয়া। এদের অনেকেই সাগরে চলাচলের অনুপযোগী নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাসের কাছে উপকূলে ২৫০ জন লোক নিয়ে একটি নৌকা ডুবে যায়। নৌকাটির আরোহীদের বেশিরভাগই ইরিত্রিয়া ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চল এবং আরব দেশগুলো থেকে আসা লোক। লিবিয়ার কোস্ট গার্ড ও স্থানীয় মত্স্যজীবীরা সাগর থেকে ১৩৪ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১১৫ জন নিখোঁজ হয়ে যান। এ ঘটনায় মৃতদের নিয়ে চলতি বছর ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে।