ন্যাশনাল টিমস এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানকে নিয়ে ন্যাশনাল টিমস কমিটি ত্রিপক্ষীয় একটি সভা করে। দেশের ফুটবলের সবচেয়ে সমালোচনা হয়েছে ফিফা আসিয়ান কাপ ফুটবলে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের হারের ঘটনা। হারের পর সেই রাতেই একাধিক ফুটবলার নাইট ক্লাব গিয়েছিলেন। নারী পরিবেষ্টিত অবস্থায় দুই ফুটবলারের ছবি সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে, সংবাদমাধ্যমেও এসেছে।
গতকাল ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন তারা নাইট ক্লাবে যাওয়া খেলোয়াড়রে সঙ্গে কথা বলবেন। কিন্তু জাতীয় দলের ম্যানেজারের ব্যাপারে কোনো কথা সংবাদমাধ্যমের সঙ্গে বলেননি। ম্যানেজারকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। ম্যানেজার কোথায় ছিলেন, তার দায়িত্বে গাফিলতি ছিল কিনা, তা নিয়ে কোনো কথা প্রকাশ করেননি। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বলেছেন, 'সব কথা কিছু প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তো বলতে চাই না। কিছু জিনিস তো সেভ করতে চাই।' ফুটবলারদের সঙ্গে কাউন্সিলিংয়ের মতো বৈঠক করতে চায় বাফুফে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইন্দোনেশিয়ার কাছে লজ্জার হারের পর জানিয়েছিলেন-ফুটবলাররা নাইট ক্লাব গিয়েছে, সেখানে কর্মকর্তাও ছিলেন। তারা কী করেছেন, তারা কীভাবে দায়িত্ব পালন করেছেন, সেটা নিয়েও আমিনুল প্রশ্ন করেছিলেন। কিন্তু কর্মকর্তার বিষয়ে এড়িয়ে গেছেন বাফুফে সভাপতি। তার কথায় আভাস পাওয়া যায়, নাইট ক্লাবের ঘটনায় যা হবে খেলোয়াড়দের ওপর হবে, কর্মকর্তাদের কোনো সমস্যা হবে না। কর্মকর্তারা আসিয়ান কাপের কলঙ্ক নিয়ে কী বলেছেন, সেটা আড়ালে ঢাকা পড়ল। প্রস্তুতিতে ঘাটতি ছিল, স্বীকার করলেন বাফুফের সভাপতি। জানিয়েছেন সবার কাছ থেকে রিপোর্ট নেবেন তিনি।
আসিয়ান কাপ ফুটবলে ইন্দোনেশিয়ার কাছে যেভাবে হেরেছে, তা দেশের ফুটবলের জন্য কলঙ্ক। এমন লজ্জার হারের পরও বাফুফের সভাপতির মধ্যে কষ্ট নেই। তার চোখে সেই ম্যাচের ভালো দিকগুলো উঠে আসছে হাসিমুখে। দুই গোল করেছে বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। আসিয়ান কাপের সব ম্যাচেই দ্বিতীয়ার্ধে ভালো ভালো খেলেছে। সাফে কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে সভাপতির দুশ্চিন্তা।
বাফুফে আসিয়ান কাপের কলঙ্ক ভুলতে চায়। এখন থেকে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দল করা হবে, যেন তারাও ফিফা উইনডোতে ম্যাচ খেলার প্রস্তুতি নিতে পারে। এই দলটাকে আরও গুরুত্ব দিয়ে গড়ে তোলার কথা বলা হয়েছে গতকালকের সভা শেষে। সিদ্ধান্ত হয়েছে ইংল্যান্ডে ১৪ থেকে ১৭ বছরের বয়সের যারা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, তাদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করা হবে।
নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ হবে ঢাকায়। সাফের কাছে ভিআর চাইবে, ভবিষ্যতে লিগেও ভিএআর চালু করার চিন্তাভাবনা রয়েছে। ২৫ অক্টোবর সাফের ক্যাম্প শুরু করবে। এর আগে একটা প্রীতি ম্যাচ খেলতে বিদেশি দলের সঙ্গে কথা বলবে বাফুফে। ফিফা উইন্ডোর কারণে সাফের প্রথম ম্যাচ খেলতে পারবে না। প্রবাসী ফুটবলাররা পরের ম্যাচে যোগ দেবেন।