রোনালদোর কঠিনতম বছর

ক্রিশ্চিয়ানো রোনালদো গত মঙ্গলবার পর্তুগালের এক টেলিভিশন চ্যানেলকে জানান যে ‘২০১৮ সালটি ছিল ব্যক্তিগত স্তরে সবচাইতে কঠিন বছর’।

ইতালিতে সিরি আ মৌসুম শুরুর প্রাক্কালে এ সাক্ষাত্কার দেন তিনি। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে যোগ দেওয়া রোনালদো বর্তমানে নতুন কোচ মাউরিজিও সারির অধীনে একাধিক শিরোপা জয়ের লক্ষ্যে আগামী সপ্তাহে মাঠে নামতে যাচ্ছেন।

তুরিনের দলটি আগামী শনিবার পারমার বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে টানা নবমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। যদিও নতুন কোচ সারি নিউমোনিয়ায় আক্রান্ত বলে তাকে ছাড়াই হয়তো পারমার মুখোমুখি হতে হবে।

বর্তমান মৌসুমের জন্য প্রস্তুতির মধ্যেই নিজের বেদনার কথা জানান তিনি। গেল বছরটিতে পর্তুগালের এই তারকা ফুটবলারকে ধর্ষণের অভিযোগ মোকাবিলা করতে হয়েছিল। সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে রোনালদো তাকে যৌন হয়রানি করেছিলেন।

এ বছরের জুনে যুক্তরাষ্ট্রের নেভাদার এক আদালত অভিযোগটি নাকচ করে দেন। যদিও আদালতে দেওয়া কাগজপত্রে বোঝা যায়নি রোনালদো সমঝোতা করেছিলেন কিনা। রোনালদো অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন। তবে খবর বেরিয়েছে তিনি এর আগেই মায়োরগাকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছিলেন।

রোনালদো এ প্রসঙ্গে বলেন, ‘যখন লোকজন আপনার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, এটা কষ্ট দেয়। ব্যাপারটা অনেক পীড়া দেয়, কারণ আমার আছে একটা বড়ো পরিবার, যেখানে আছেন একজন স্ত্রী ও একটা বুদ্ধিমান সন্তান যে কিনা অনেক কিছু বুঝতে পারে।’

বর্তমানে জুভেন্তাসের হয়ে খেলা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা আরো বলেন, ‘এটা এমন একটা ব্যাপার যা নিয়ে আমি স্বচ্ছন্দ্যে নিজেকে প্রকাশ করতে পারি। তবে আরো একবার আমার নির্দোষ অবস্থান প্রমাণ হলো। এটা আমাকে গর্বিত করে।’

উল্লেখ্য, জুভেন্তাসের হয়ে প্রথম মৌসুমে ৩৪ বছর বয়সি রোনালদো ৪৩ খেলায় ২৮ গোল করেছেন। তার নৈপুণ্যে ইতালির ক্লাবটি আরেকটি সিরি আ শিরোপা করায়ত্ত করে। স্পোর্টিং লিসবনের সাবেক এই তরুণ ইতিমধ্যে ক্লাব পর্যায়ে ৬০০’র ওপরে গোল করেছেন। এই সময়ে তার জেতা অসংখ্য অর্জনের মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি ট্রফিও।