ইয়াসির-শান্তর ব্যাটে সমতা ফেরাল এইচপি

প্রথম ওয়ানডেতে ঘরের মাঠে লঙ্কানদের কাছে ১৮৬ রানে হেরে গিয়েছিল বাংলাদেশের এইচপি দল। দ্বিতীয় ওয়ানডেতে তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। স্বস্তির খবর, গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ইয়াসির আলী রাব্বি ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি।

বিকেএসপিতে গতকাল শ্রীলঙ্কার এইচপি দলকে ২ উইকেটে পরাজিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে সিরিজে সমতা ফিরল। দুই ম্যাচ শেষে সিরিজের স্কোরলাইন এখন ১-১। তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন হয়ে পড়ছে সিরিজ নির্ধারক তথা অলিখিত ফাইনাল। আগামী ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৭৩ রানে অলআউট হয়। নিশাঙ্কা ৫৫, আসালঙ্কা ৪৫, আশান ২১, কামিন্দু মেন্ডিস ৬৫, বান্দারা ১২, ড্যানিয়েল ৪৩ রান করেন। বাংলাদেশের শফিকুল তিনটি, নাঈম হাসান দুটি, সুমন খান, আমিনুল, মিশু একটি করে উইকেট নেন।

জবাবে ৪৯.৩ ওভারে ৮ উইকেটে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এইচপি দল। যদিও শুরুতে ৬৪ রানে দুই ওপেনারকে হারিয়েছিল স্বাগতিকরা। তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন অধিনায়ক শান্ত ও ইয়াসির আলী রাব্বি। মিডল অর্ডারে তাদের জুটিটাই জয়ের ভিত গড়ে দিয়েছে। শান্ত ৭৭ রান করে আউট হন। দলীয় ২২৭ রানে ফিরেন ইয়াসির। তিনি খেলেন ৮৫ রানের ইনিংস। এমন অবস্থানের পরও জয়টা সহজে আসেনি বাংলাদেশের। কারণ শান্ত-ইয়াসিরের জুটি ভাঙার পর দ্রুত কিছু উইকেট হারায় স্বাগতিকরা। ব্যাট হাতে দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি আফিফ হোসেন (১৮), জাকের আলীরা (১১)। তারপরও শেষদিকে নাঈম হাসানের অপরাজিত ৯, ইয়াসিন আরাফাত মিশুর অপরাজিত ১২ রানে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি দল। লঙ্কানদের পক্ষে ফার্নান্দো-ড্যানিয়েল দুটি করে উইকেট নেন।