মিশরের ফুটবলে নেতৃত্ব নিয়ে গোলমেলে পরিস্থিতির উদ্ভব হওয়ায় ফিফা গত মঙ্গলবার দায়িত্ব পালনের জন্য আপদকালীন এক কমিটি করে দিয়েছে। আফ্রিকান নেশন্স কাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) সভাপতি হানি আবু রিদা ও বোর্ডের অবশিষ্টরা তাত্ক্ষণিকভাবে পদত্যাগ করেন। একই সঙ্গে টেকনিক্যাল কর্মকর্তাদেরও ‘বরখাস্ত’ করেন তিনি।
ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা জানায় তারা ইএফএর ‘প্রাত্যহিক কাজকর্ম’ করার জন্য একটা ‘স্বাভাবিকীকরণ কমিটি’ গড়ে দিয়েছেন। ফিফার ভাষ্যমতে, এই কমিটি নতুন ইএফএ বোর্ড নির্বাচনেরও ব্যবস্থা করবে। এসব কাজ করার জন্য ২০২০ সালের জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে পাঁচ সদস্যের এই কমিটিকে।
হানি আবু রিদার তিন বছরের মেয়াদকালে মিশরের ফুটবল সমস্যায় জর্জরিত ছিল। এর মধ্যে চেচনিয়ার গ্রজনিতে জাতীয় দলের ২০১৮ বিশ্বকাপের ক্যাম্প করাটা অনেক সমালোচিত হয়েছিল। তারকা স্ট্রাইকার মোহামেদ সালাহ দেশের মধ্যে তার ভাবমূর্তিকে অপব্যবহারের জন্য ফুটবল অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত করেছিলেন। এছাড়াও আফ্রিকান নেশন্স কাপের প্রাক্কালে যৌন হয়রানির অভিযোগ ওঠা এক খেলোয়াড়কে দলে পুনর্বহালের ঘটনাও সমালোচিত হয়েছিল। -সুপারস্পোর্ট।