পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের ছাপড়াখালীর বন থেকে বনরক্ষীরা একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রেঞ্জ সদরে ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে কটকা অভায়রণ্যের বনরক্ষীরা বনে তাদের নিয়মিত টহলের সময় ছাপড়াখালী এলাকার বনে মৃত বাঘটি দেখতে পায়। পরে বাঘটিকে উদ্ধার করে ঐদিন রাতে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়। বাঘের মৃত্যুর কারণ নির্ণয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন ও শরণখোলা উপজেলা ভেটেরিনারি সার্জন মো. আলাউদ্দিন বাঘের ময়নাতদন্ত সম্পন্ন করেন। বাঘ মারা যাওয়ার সঠিক কারণ জানার জন্য বাঘের লিভার ও প্রয়োজনীয় অঙ্গ সংগ্রহ করে ঢাকায় পাঠানো এবং চামড়া সংরক্ষণ করা হবে বলে ডিএফও জানান। ময়নাতদন্তকারী ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, স্ত্রী বাঘটি দৈর্ঘ্যে পাঁচ ফুট। ১৫/১৬ বছর বয়সি বাঘটি বয়স বেশি হওয়ায় স্বাভাবিকভাবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।