মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯ বাস্তুচ্যুত ২০০০

মিয়ানমারের উত্তরাঞ্চলে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে গত এক সপ্তাহে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। সংঘর্ষের কারণে ২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গতকাল বুধবার সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশে সেনাবাহিনীর একটি কলেজসহ পাঁচ স্থানে হামলা চালায় স্থানীয় তিনটি বিদ্রোহী সংগঠনের জোট নর্দান অ্যালায়েন্স। এতে অন্তত ১৫ জন নিহত হয়। এদের অধিকাংশ নিরাপত্তা বাহিনীর সদস্য। এই হামলার পর থেকে ঐ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। মানবিক সহায়তা কর্মীরা বলছেন, সংঘর্ষের কারণে উদ্বাস্তু হওয়া মানুষ মিয়ানমারের শান রাজ্যের উত্তরের লাসিও শহরের বিহারগুলোতে আশ্রয় নিয়েছে। নতুন করে এই উত্তেজনা মিয়ানমারের নেত্রী অং সান সু চির জন্য আরেক বিপত্তি বলে মনে করা হচ্ছে।