সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সামনে রেখে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, ‘সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ডাকা সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি আগামীকাল ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
সাজেক কার্বারী এসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোনো দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা কোন জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। সুতরাং প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর পুনরায় এই কর্মসূচি পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথা সময়ে কর্মসূচি বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
বিবৃতিতে অতি দ্রুত দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
এর আগে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের কারণে খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রিজ সাজেক ভ্যালি ও তার আশেপাশের অভ্যন্তরীণ সড়কগুলোতে সকাল থেকে কোনো যানবাহন চলতে দেখা যায়নি।