বিনামূল্যে ঢামেক হাসপাতালে একশ চক্ষু রোগীর ছানি অপারেশন চীনের চক্ষু বিশেষজ্ঞ টিমের

সম্পূর্ণ বিনামূল্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১শ চক্ষু রোগীর ছানি অপারেশন করেছেন চীনের চক্ষু বিশেষজ্ঞ মেডিকেল টিম। কার্যক্রম শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালটির সভাকক্ষে চোখের চিকিৎসা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন নিয়ে চীনের মেডিকেল টিমের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার, চীনা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডা. লিউ ইউয়িন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা এবং চিকিৎসা খাতের সহযোগিতা ও মেলবন্ধন আরও সুদৃঢ় করাই এর মূল উদ্দেশ্য। চায়না বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে পার্টনার। তারা সর্বাত্মক সহযোগিতা করছে। একই সঙ্গে অর্থনীতিতে ও অবকাঠামো উন্নয়নে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ভারত যখন তিস্তার পানি এক পাক্ষিকভাবে নিয়ন্ত্রণ করে খরা ও বন্যায় ক্ষতিগ্রস্ত করছে; তখন চীন সরকার তিস্তা ব্যারেজ প্রকল্পে সহযোগিতা দিয়ে বাংলাদেশের মানুষের জীবনকে সহজ করছে।

এর আগে, গত ১১ অক্টোবর চীন থেকে ৭ সদস্যের মেডিকেল টিম আসে বাংলাদেশে। বিনামূল্যে বা বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেলে প্রায় ১শ চক্ষু রোগীর ছানি অপারেশন করেন।