মঠবাড়িয়ায় সবুজ মিয়া (২২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে বুখাইতলা বান্দব পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত সবুজকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিত্সার জন্য রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সবুজ বুখাইতলা বান্দবপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
জানা গেছে, রাতে যুবলীগ কর্মী সবুজ বাজার সংলগ্ন একটি পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কয়েকজন ডেকে নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশি অস্ত্র দিয়ে তার মাথায় ও পিঠে কোপ দেয়। সবুজের চিত্কার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জানান, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।