চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড়ো শালিখা গ্রামে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কথিত প্রেমিক-প্রেমিকাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত নয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শালিখা গ্রামের আ. মান্নানের ছেলে অনিক হোসেনের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। এদিকে অনিকের এক বন্ধুও ঐ মেয়ের প্রতি দুর্বল ছিল। মঙ্গলবার অনিকের বন্ধু ও ঐ মেয়ে মোবাইলফোনে সেলফি তুললে অনিক রাগান্বিত হয়। এ নিয়ে অনিকের সঙ্গে ঐ মেয়ের বাগিবতণ্ডা হয় এবং মেয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। এতে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগিবতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।