চট্টগ্রামে সাইবার ক্রাইমের মামলায় তরুণী কারাগারে

সাইবার ক্রাইমের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাসনুভা আনোয়ার নামে এক তরুণীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ওই তরুণী গার্লস প্রায়োরিটি নামে একটি ফেসবুক গ্রুপের ক্রিয়েটর। তিনি এত দিন উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাসনুভাকে কারাগার পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, জনৈক ইশতিয়াক হাসান গত ২৬ মে নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় গার্লস প্রায়োরিটি গ্রুপের স্বত্বাধিকারী তাসনুভা আনোয়ার, এডমিন আমেনা চৈতী, সালমান মোহাম্মদ ওয়াহিদ ও নাদিয়া আকতার রুমিকে আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, গার্লস প্রায়োরিটি গ্রুপের ক্রিয়েটর তাসনুভা আনোয়ারের সঙ্গে যুক্ত হয়ে হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদ ও অন্যরা ফেসবুক গ্রুপে বিভিন্ন জনের নামে বিভ্রান্তিমূলক পোস্ট করে নানাভাবে হয়রানি করতেন। হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদ আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অপর আসামি আমেনা চৈতি পলাতক রয়েছেন।