মতলব বাজারে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মতলব দক্ষিণ সদর বাজারে অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ব্যবসায়ী যথাক্রমে প্রণয় দাস (৩০) ও বিপ্লব দাসকে (৩৫) এক বছরের জেল এবং ব্যবসায়ী শাহ আলম (২৬) ও মিঠু দেবনাথকে (২৪) ৫ হাজার টাকা জরিমানা করেন।

সরেজমিনে দেখা যায়, ঐ দিন দুপুরে মতলব সদর বাজারে উপজেলা প্রশাসন ও চাঁদপুর কোস্টগার্ড পুলিশের যৌথ উদ্যোগে একটি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ব বাজারের উত্তর গলির চারটি গুদামঘরে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীর ৪৯ বস্তা (১৮ লাখ ৬২ হাজার মিটার) নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা বলে জানায়। নিষিদ্ধ কারেন্ট জালগুলোর মধ্যে ব্যবসায়ী প্রণয় দাসের ২৩ বস্তা, বিপ্লব দেবনাথের ১৯ বস্তা, মিঠু দেবনাথের ৫ বস্তা ও ব্যবসায়ী শাহ আলমের ২ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো মতলব নিউ হোস্টেল মাঠে পুড়িয়ে ফেলা হয়।