ব্রিজের কাজ শেষ না করেই বিল উত্তোলন!

ব্রিজ নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বিল উত্তোলন করে নিয়ে গেছে ঠিকাদার। ফলে চরম বেকায়দায় পড়েছেন শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে উপজেলার কোলকোন্দ ইউনিয়নে সাউথপাড়া এলাকায় বাঁধের ধারে ২১ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। অথচ কাজ শেষ না করেই ঠিকাদারকে সমুদয় টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ। জনগণের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকার কারণে ব্রিজ দিয়ে চলাচল করা যাচ্ছে না। স্থানীয় লোকজন জানান, তিন/চার মাস আগে ব্রিজের কাজ শেষ হয়েছে। কিন্তু সড়কের কাজ হয়নি। ফলে লোকজনকে এই বর্ষাকালে দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছে।

সাউথপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রোকনুজ্জামান বলেন, সংযোগ সড়ক না থাকার কারণে শিক্ষার্থীদের দেড় থেকে ২ কিলোমিটার কষ্ট করে ঘুরে প্রতিষ্ঠানে আসছে হচ্ছে।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী রাজু বলেন, কাজ শেষ না করে বিল দেওয়ার নিয়ম নেই। পিআইও সাহেব এটা ঠিক করেনি।

উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম কাজ শেষ না করে বিল দেওয়ার কথা স্বীকার করে বলেন, এ জন্য ঠিকাদারের নিকট থেকে বিডি নেওয়া আছে।