স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘পিংক রান ২০২৬’। প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহনের আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এ দৌড়ে অংশ নেন নানা শ্রেণি-পেশার ১ হাজার মানুষ।
ভোরের আলো ফোটার আগেই অংশগ্রহণকারীরা অ্যাম্ফিথিয়েটারে জড়ো হন। দৌড় শুরুর আগে গা গরম করার পর্ব শেষে সবাই স্টার্টিং পয়েন্টে সমবেত হন। জাতীয় সংগীত পরিবেশনের পর সকাল ছয়টায় শুরু হয় দৌড়। আয়োজনে কেউ ১৫ কিলোমিটার, কেউ সাড়ে সাত কিলোমিটার দৌড়ান। শিশুদের জন্য ছিল এক কিলোমিটারের আলাদা দৌড়।
দৌড়ে অংশ নেন কয়েকজন তারকাও। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথমবার দৌড়ে অংশ নিয়ে সাড়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ঐশী বলেন, ‘অক্টোবর স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। মানুষের কল্যাণে ভূমিকা রাখা এবং সচেতনতা তৈরির সুযোগ আছে, এমন কাজে আমি অংশ নিতে চাই।’
অনুষ্ঠানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ক্যানসার সচেতনতায় সবাইকে এগিয়ে আসতে হবে। আদর্শ লাইফস্টাইল এবং নিয়মিত সেলফ চেকাপ করার মাধ্যমেই অনেক সময় দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি এড়ানো সম্ভব।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘টুগেদার অ্যাগেইনস্ট ব্রেস্ট ক্যানসার’। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য।
হিমু পরিবহনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, সংগঠনটি ১২ বছর ধরে ক্যানসার সচেতনতা নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতাতেই এ আয়োজন। তিনি জানান, তাদের লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, প্রাথমিক শনাক্তকরণে উৎসাহ দেওয়া এবং এ বিষয়ে সামাজিক সম্পৃক্ততা জোরদার করা।
আয়োজনটির টাইটেল পার্টনার ছিল রেনাটা পিএলসি এবং সহযোগী প্রতিষ্ঠান ছিল দ্য অ্যাথলেট এক্স। ফিচার পার্টনার হিসেবে ছিল প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিন’। এ ছাড়া ব্লেন্ডার্স চয়েস, স্যাভয়, লুমেরা, অন্বেষা প্রকাশনী, ভ্রমণকন্যা—ট্রাভেলেটস অব বাংলাদেশ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।