রায়পুরে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাত্ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাগ অফিসার মো. টিপু সুলতান ঘটনাস্থলে এসে ৭৭ বস্তা চাল জব্দ করেন। এ সময় গুদাম সিলগালা করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, ঈদের আগে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৭৭ বস্তা চাল আত্মসাত্ করার সময় স্থানীয়রা টের পেয়ে পাহারা বসায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মো. সালেহসহ (মিন্টু ফরাজী) জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব মো. তসলিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিতরণ না করে গুদামে ভিজিএফের চাল মজুদ রাখে। ঐ চাল বিতরণ করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্যাগ অফিসার মো. টিপু সুলতান জানান, এসব চাল ঈদের আগে অসহায় ও দুস্থদের মধ্যে বিলি করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেন এসব চাল বিতরণ করেনি। প্রাথমিকভাবে ৭৭ বস্তা ভিজিএফের চাল জব্দ করে গুদামে সিলগালা করা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম বানু শান্তি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে ট্যাগ অফিসারকে পাঠানো হয়েছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগের এসব চাল বিতরণ না করে গুদামে রাখার এখতিয়ার নেই বলেও জানান তিনি।