মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায় ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।