মাদক মামলায় যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. আব্দুল জলিল নামে এক যুবককে ১৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডিত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরশিয়া (বর্তমান তক্তিপুর গরুরহাট) গ্রামের মো. রজবুল হকের ছেলে।

মামলার বরাত দিয়ে সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের টহল দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড় এলাকায় অবস্থানকালে জানতে পারে জেলার নতুন আলীডাঙ্গা গ্রামের একটি আমবাগানে ইয়াবা বিক্রি হচ্ছে। খবর পেয়ে র্যাবের টহলদল অভিযান চালিয়ে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আব্দুল জলিলকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তত্কালীন এসআই মো. মোস্তাকিন হোসেন বাদী হয়ে মো. আব্দুল জলিলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।