সিরাজগঞ্জে যমুনার কড়াল গ্রাসে বিপর্যস্ত চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলে ভাঙনের হাত থেকে স্কুল-কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ ঘরবাড়ি রক্ষার দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করেছে।
বুধবার চৌহালী উপজেলার মিটুয়ানীতে বাঘুটিয়া ও খাষপুখুরিয়া ইউনিয়নের এলাকার সর্বস্তরের জনগণ যমুনার তীরে এই মানববন্ধনে যোগ দেয়।
বক্তব্য রাখেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহার ছিদ্দিকি, সমাজসেবক মুহাদ্দিস মওলানা মো. সিরাজুল, আবু দাউদ সরকারসহ সমাজ সচেতন মানুষ।
বক্তারা বলেন, চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের কলেজ ও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটো-বড়ো ব্রিজ, হাট-বাজার, মা ও শিশুকল্যাণ কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ঘরবাড়ি ফসলি জমি এখন যমুনা নদী ভাঙনের দ্বারপ্রান্তে। ইতিমধ্যেই বেশকিছু ঘরবাড়ি বিলীন হয়েছে। তাই এখানে জরুরি ব্যবস্থাসহ তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে সব বিলীন হয়ে যাবে।