১১ ম্যাচেই ৪৮ গোল, উড়ন্ত বার্সার ধারের কাছেও নেই কেউ

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লা লিগায় প্রথম ৯ ম্যাচেই শতভাগ জয় তুলে নিয়েছে কাতালানরা। এ সময়ে প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৯ ম্যাচেই ৩৯ গোল করেছে ইয়ামাল-রাফিনিয়ারা। 

সবশেষ ম্যাচেও প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। শনিবার (১৭ অক্টোবর) রাতে রিয়াল বেতিসকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালানরা। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েও বেশ নির্লিপ্ত বার্সা কোচ ফ্লিক। তিন বলেন, ‘ভালো। তবে আমাদের লক্ষ্য ট্রফি। আমরা এর চেয়েও বড় কিছু জিততে চাই। ফুটবল তো সে জন্যই খেলি।’

শুধু লা লিগায় না, চ্যাম্পিয়নস লিগেও গোল উৎসব করছে বার্সেলোনা। দুই ম্যাচে ৯ গোল করেছে তারা। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচেই ৪৮ গোলের দেখা পেয়েছে ইয়ামাল-রাফিনিয়ারা। শুধু স্প্যানিশ ফুটবল নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। ম্যাচপ্রতি গোল ৪.৩৬ করে!

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে গোলের হিসাবে বার্সেলোনার ধারেকাছেও নেই কেউ। ১০ ম্যাচে ৩৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ। ১০ ম্যাচে ২৯ গোল করে যৌথভাবে তৃতীয় ফ্রেইবুর্গ ও ব্রাইটন। ১১ ম্যাচে ২৮ গোল নিয়ে পঞ্চম ম্যানচেস্টার সিটি। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের চেয়েও ১২ গোল বেশি করেছে বার্সেলোনা।

এমন গোলবন্যায় বেশ কিছু রেকর্ডের হাতছানি দিচ্ছে বার্সেলোনাকে। ইউরোপের বড় লিগগুলোর ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে তুরিনোর ১৯৪৭–৪৮ মৌসুমের ১২৫ গোল। এরপর রিয়াল মাদ্রিদ ২০১১–১২ মৌসুমে ১২১ এবং ২০১৪–১৫ মৌসুমে ১১৮ গোল করেছিল। বার্সেলোনার নিজেরও ২০১৬–১৭ মৌসুমে লিগে ১১৬ গোল করার নজির আছে।

আর সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে বার্সেলোনার সর্বোচ্চ গোল ১৯০টি। ২০১১–১২ মৌসুমে লিওনেল মেসির ৭৩ গোলের বছরে ৬৪ ম্যাচে এসেছিল এই গোল। এবার ১১ ম্যাচেই ৪৮ গোল করে সেই ক্লাব রেকর্ডের পথে চার ভাগ এক ভাগ কাজ সেরে ফেলেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।