অদম্য ইচ্ছে শক্তিতে নিভৃত গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটার বিথী পারভিন। সমাজের শত বাধা উপেক্ষা করে জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে শুধুমাত্র খেলার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি এই নারী ক্রিকেটার। বর্তমানে বিকেএসপিতে ক্রীড়া বিষয়ে অর্নাসও করছেন তিনি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের গুনেরবাড়ি গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে এসেছে বিথী পারভিন। গ্রামাঞ্চলে আটপৌরে সমাজ ছেড়ে কিশোরী মেয়েটা যখন মাঠে ক্রিকেট বল ছুটতো তখন গ্রামে নানান কথাবার্তা হতো। মেয়েদের খেলাধুলার বিষয়টি সমাজের চোখে এখন ভালোভাবে দেখা হয় না।
কিন্তু এখন বিথীর সাফল্য দেখে গ্রামের মানুষ এখন তাকে নিয়ে গর্ববোধ করে। ইতোমধ্যে বিথি উইমেন্স ক্রিকেট লীগ বিসিএল ২০২৪/২০২৫ এ অংশ নিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তার আগে এনসিএলে ডিভিশন লিগ, এনসিএল খুলনা দলের হয়ে খেলেছেন, বিসিএলে ৩ দিনের ম্যাচেও অংশ নিয়েছেন।
বিথী খেলার পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন। বর্তমানে তিনি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সে অর্নাস করছেন।
বিথীর এই সাফল্যের পিছনে ছিল মাদারগঞ্জ প্রগতি ক্রিকেট ক্লাবের অবদান। এক গ্রাম্য কিশোরীকে ঘরের বাইরে এনে ক্রিকেট খেলার মতো সাহসিকতা দেখানো ছিলো রীতিমতো ঝুঁকির ব্যাপার। প্রগতি ক্রিকেট ক্লাবের আল আমিন আবির জানান, ‘নিভৃত গ্রাম থেকে কিশোরীকে মাঠে এনে ক্রিকেট খেলায় অংশ নেওয়া ছিলো বড় চ্যালেঞ্জ। আমরা তার পরিবারকে বুঝিয়ে তাকে মাঠে নিয়ে প্রশিক্ষণ প্রদান করি। তার পরে মাঠে ছেলেদের সঙ্গে খেলায় অংশ নেন। এক এক করে ধাপ পেরিয়ে বিথী যখন খেলায় সাফল্য অর্জন করলো।’
নিজের সংগ্রামী সময়ের কথা স্মরণ করে বিথী বলেন, ‘আমার ক্রিকেট জার্নির শুরুটা মোটেও ভালে ছিল না, প্রত্যন্ত গ্রামের একটা ক্রিকেট ক্লাব এ ভর্তি হই। অনেকগুলো ছেলের মাঝে একজন মেয়ে ছিলাম। মানুষের নানান কথার সম্মুখীন হতে হয়েছে, তবুও থেমে যায়নি।’
তিনি বলেন, ‘হঠাৎ আমার প্রিয় ক্লাবটি বন্ধ হয়ে যায়। আমার ক্রিকেট অনিশ্চিয়তার মুখে পড়ে। পরবর্তীতে ভর্তি হয় অনুপ্রেরণা ক্রিকেট একাডেমিতে। এরপর ঢাকা ওমেন্স ফার্স্ট ডিভিশন খেলি। ডেবু ম্যাচ এর সেঞ্চুরি আমার ক্রিকেট এর সব থেকে বড অনুপ্রেরণা। আমার ক্রিকেট লাইফ আরও সুন্দর করে তোলার জন্য বিকেএসপির অবদান অনেক।’
তবে এখানেই থেমে থাকতে চান না বিথী। জাতীয় দলে খেলতে চান জানিয়ে তিনি বলেন, আমি বর্তমানে ক্রিকেট এর পাশাপাশি বিকেএসপিতে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স এ অনার্স করছি। বিকেএসপির হাত ধরেই জাতীয় দলে খেলতে চাই।