অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতি বললেন, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। হার দিয়ে সিরিজ শুরু করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে ধৈর্য ধরে খেলার কথা জানালেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে বলে মনে করেন টাইগ্রেস অধিনায়ক। জ্যোতি বলেন,  ‘ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। খেলতে হবে ধৈর্য ধরে। পরের ম্যাচে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করছি।’

ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ নারী দলের চিরাচরিত রূপ। শুরুতেই উইকেট হারালে ব্যাটিংয়ের পরিকল্পনা ঠিক থাকে না বলে দাবি জ্যোতির। তিনি বলেন, ‘নতুন বলে ব্যাটিং করতে আমাদের সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে এতগুলো উইকেট হারানো যাবে না। জুটি গড়তে পারিনি। তাই আমরা পথ হারিয়ে ফেলেছি।’

হারলেও ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। জ্যোতি বলেন, ‘অনেক ইতিবাচক দিকও ছিল। (অভিষিক্ত) হাবিবা পিংকি আক্রমণাত্মক ছিল। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে। যে-ই বোলিং করেছে, সঠিক জায়গায় বোলিং করেছে। পরের ম্যাচেও এই ইতিবাচক দিকগুলো ধরে রাখতে হবে।’

ইত্তেফাক/জেডএইচ