ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুম্বাইয়ে বৈঠক করবেন রুবিও, বিতর্কে মোদি সরকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। দ্বিতীয়বারের মতো ভারত সফরে এসে এবার নয়াদিল্লি যাচ্ছেন না তিনি। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি বিষয়ে আলোচনার জন্য মুম্বাইয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পরে গুজরাটের জামনগরে একটি তেল শোধনাগার পরিদর্শনেও যেতে পারেন রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জ্বালানি, বাণিজ্য ও দ্বিপক্ষীয় বিনিয়োগ নিয়ে আলোচনাই এই সফরের মূল উদ্দেশ্য। তবে বৈঠকের স্থান নির্ধারণ নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন, রুবিওর সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন জয়শঙ্করকে মুম্বাইয়ে উপস্থিত থাকার প্রত্যাশা জানিয়েছে।

এ নিয়ে ভারতের বিরোধী দলগুলোর নেতারা মোদি সরকারের সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন, রুবিও যেন মুম্বাইয়ে নিজের কোনো কর্মচারীকে ডেকে পাঠিয়েছেন। বিরোধী নেতাদের একাংশের অভিযোগ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে নিজ দেশের ভেতরেই অন্য দেশের সরকারের প্রত্যাশা অনুযায়ী বৈঠকের জন্য যেতে হওয়া সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে।

অন্যদিকে, সফরের পেছনে জ্বালানি খাতের স্বার্থকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি বৃহৎ তেল শোধনাগার রয়েছে। ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনা এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে রিলায়েন্সের নতুন বিনিয়োগও এ সফরের আলোচ্য বিষয়গুলোর সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

বাণিজ্যিক শুল্ক, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ এবং প্রযুক্তি খাতের ভিসা নিয়ে দুই দেশের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে রুবিওর সফর এবং মুম্বাইয়ে জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠককে ঘিরে ভারতের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।