কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার সকালে দফায় দফায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ঐ এলাকার বারেক সরদারের সঙ্গে একই এলাকার লতু সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল বুধবার সকালে বারেক সরদার ও লতু সরদারের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা হলেন, কালকিনি উপজেলার লক্ষ্মীপুরের দোলোয়ার হাওলাদারের ছেলে রিপন মুন্সী, আব্দুল লতিফ সরদারের ছেলে সোহেল সরদার, আমির হোসেন হাওলাদারের ছেলে সত্তার হাওলাদার, বারেক সরদারের ছেলে রিপন সরদার, ওহাব সরদারের ছেলে আব্দুল রশিদ সরদার, কামাল খানের স্ত্রী রওসয়ারা বেগম, বারেক সরদারের ছেলে ফিরোজ সরদার, ওসরুদ্দিন সরদারের ছেলে ইকবাল সরদার ও ইলিয়াস সরদার, মোকলেস খানের ছেলে কায়উম খান, মোকলেস খানের ছেলে বিল্লাল খান, সিদ্দিক সরদারের ছেলে আলমগীর সরদার ও জাকির সরদার, জসিম সরদারের স্ত্রী রাহিমা বেগম, মোতাহার সরদারের ছেলে জামাল সরদার, জসিম সরদার ও ফরহাদ সরদার, জসিম সরদারের ছেলে রাসেল সরদার ও রাজীব সরদার এবং হাতেম সরদারের ছেলে মোশারফ সরদারের নাম পাওয়া গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, বারেক সরদার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর সমর্থক ও লতু সরদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরদারের সমর্থক। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা জানান, ঐ এলাকায় আধিপত্য দীর্ঘদিনের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।