মেহেরপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠানে রাখা বালতির পানিতে ডুবে পলাশ নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ভোলাডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়ির উঠানে মহিষের গা ধোয়ানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় উঠানে খেলছিল পলাশ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশে রাখা পানিভর্তি একটি বালতির মধ্যে পড়ে যায়। পরে তার মা শিশুটিকে বালতি থেকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাসেল রানা জানান, শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছিল বলে পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।