কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়ে আলোচনার জন্ম দিয়েছেন এক জামায়াতে ইসলামীর নেতার ছেলে। রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রকাশিত ওই তালিকায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন আলী আকবর তানভীর। খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে।
ছেলের নিষিদ্ধ সংগঠনে পদ পাওয়া ও রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন বাবা ও জামায়াত নেতা সিরাজ উদ্দিন। গণমাধ্যমকে তিনি জানান, জীবিকার তাগিদে তানভীর গত কয়েক মাস ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সিরাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জামায়াত আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। ছেলে যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা আগে জানলে তাকে ত্যাজ্যপুত্র করতাম।’
তিনি আরও দাবি করেন, ছেলে তাকে ফোন করে জানিয়েছে যে কমিটি ঘোষণার পর সে পদত্যাগ করেছে। যদিও সেই পদত্যাগপত্রের কোনো অনুলিপি বা প্রমাণ তার কাছে নেই। ছেলেকে পড়ালেখার জন্য মালয়েশিয়া পাঠালেও সে যে সেখানে গিয়ে এমন কর্মকাণ্ডে জড়াবে, তা তিনি ভাবতেও পারেননি। তবে যোগাযোগ করার জন্য ছেলের ফোন নম্বর চাইলে সিরাজ উদ্দিন তা দিতে পারেননি।
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে কীভাবে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়, তা আশ্চর্যের কিছু নয়। দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান সরকারকে বিপদে ফেলতে আওয়ামী লীগ ও জামায়াত গোপনে এক হয়ে কাজ করছে। অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীদের গোপনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গেছে।
এ প্রসঙ্গে ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। এই অন্যায়ের সঙ্গে যুক্ত সবার শাস্তি হওয়া উচিত। ইউনিয়ন জামায়াত সভাপতির ছেলে ছাত্রলীগ করে—এমন খবর আমার জানা ছিল না। যদি ঘটনা সত্য হয়, তবে এটি অত্যন্ত নিন্দনীয়।’
বিষয়টি নিয়ে দলগতভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও দ্রুতই ইউনিয়ন সভাপতির সঙ্গে কথা বলা হবে বলে জানান উপজেলা আমির।