স্বাস্থ্যমন্ত্রীকে দুদক চেয়ারম্যানের চিঠি

তৃণমূলে স্বাস্থ্যশিক্ষা পৌঁছে দিন

স্বাস্থ্যশিক্ষা দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বুধবার কমিশন থেকে এই চিঠি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বরাবর পাঠানো হয়েছে।

দুদক চেয়ারম্যানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, অপ্রিয় হলেও সত্য—সরকারের স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম কিছুটা হলেও ম্রিয়মাণ। অথচ আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনার মূলভিত্তি হচ্ছে ‘প্রতিরোধ প্রতিষেধকের চেয়ে উত্তম’। তাই নিবিড় আন্তঃব্যক্তি যোগাযোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষকে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ইস্যুতে সচেতন করা অত্যন্ত জরুরি বিষয়। এ প্রেক্ষাপটে স্বাস্থ্যসম্মত জীবনাচারে সর্বস্তরে জনস্বাস্থ্যসংক্রান্ত তথ্যের নিবিড় বা বহুল প্রচার ও প্রকাশের প্রয়োজনীয়তা রয়েছে।

দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে কমিশন মনে করে, জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা গেলে স্বাস্থ্য সেবা প্রদানে যেসব অনিয়ম, দুর্নীতি বা হয়রানির কথা শোনা যায় তা বহুলাংশে কমে আসবে।