জাতীয়করণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি পিডিএস ব্যবস্থায় রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে বেশ কিছু এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়নও সম্পন্ন হয়েছে। তাদের ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে।
রোববার (১৯ অক্টোবর) মাউশি থেকে এ বিষয়ে চিঠি জারি করা হয়। চিঠির বিষয়টি মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণ করা শিক্ষাপ্রতিষ্ঠানে আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে অথবা মাউশিতে হার্ডকপিতে আবেদন করে ইনডেক্স কর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
প্রক্রিয়া অনুযায়ী আবেদন করার পর এমপিও ইনডেক্স কর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে সরকারি পিডিএস ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।