মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন বিষয়ক উপ-সমন্বয়কারী জন টি গডফ্রে গত ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন। তার এ সফরের লক্ষ্য ছিল বাংলাদেশ ও এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমন ও সহিংস উগ্রবাদ মোকাবিলা (সিটি/সিভিই) বিষয়ক কার্যক্রমে যুক্তদের সঙ্গে সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং গডফ্রে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে এ অঞ্চলে সিটি/সিভিই কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। আইন প্রয়োগ ও বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত সিটি/সিভিই বিষয়ক দ্বিপাক্ষিক কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করতে বাংলাদেশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ এবং ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’ এর সঙ্গেও জন গডফ্রে সাক্ষাত্ করেন। তাদের আলোচনায় বাংলাদেশ ও এ অঞ্চলে উগ্রবাদী সংগঠনের সদস্য সংগ্রহ মোকাবিলা এবং কার্যকর সন্ত্রাসবাদ মোকাবিলা কৌশলের ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনের গুরুত্বসহ বিভিন্ন পারস্পরিক উদ্বেগের বিষয় স্থান পায়।
রাষ্ট্রদূত মিলার ও উপ-সমন্বয়কারী গডফ্রে গবেষক, গণমাধ্যম, এনজিও অন্যান্য ক্ষেত্রের সিটি/সিভিই বিশেষজ্ঞদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। এতে তারা পরস্পরের কাছে বাংলাদেশ ও এ অঞ্চলে সন্ত্রাসবাদ বিষয়ক উদ্বেগগুলোর সমাধানের জন্য নীতিমালা, অগ্রাধিকারসমূহ ও সুপারিশ তুলে ধরেন। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।