দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করায় সেনা মোতায়েন করে কড়া নজরদারি শুরু করেছে চীন। একই সময়ে অঞ্চলটির উত্তরাংশে তাইওয়ান-নিয়ন্ত্রিত সীমানার কাছে একটি চীনা জাহাজের মুখোমুখি অবস্থান নিয়েছে তাইওয়ানিজ কোস্ট গার্ড, যা এলাকায় নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস চার্লটন স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোয়ালের কাছাকাছি চলে আসে। চীনের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি তাদের অনুমতি ছাড়াই ওই এলাকায় প্রবেশ করেছে। বেইজিংয়ের দাবি, এতে চীনের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে। তাই সঙ্গে সঙ্গেই নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে মার্কিন রণতরীটির ওপর নজর রাখা হচ্ছে।
তবে ফিলিপাইন এ বিষয়ে ভিন্ন মত দিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক সাগরে চলাচলের জন্য কারও অনুমতির দরকার নেই। মার্কিন জাহাজটি কোনো নিয়ম ভঙ্গ করেনি।
একই সময়ে প্রাটাস দ্বীপপুঞ্জের কাছেও উত্তেজনা তৈরি হয়। একটি চীনা জাহাজ সেখানে ঢুকতেই তাইওয়ানের কোস্ট গার্ড বাধা দেয়। দুই পক্ষের জাহাজ থেকে মাইকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া হয়। তাইওয়ানিজ জাহাজ নিজেদের স্বাধীন দেশ বলে দাবি করলে চীনা পক্ষ তা সরাসরি অস্বীকার করে।
গণতান্ত্রিক তাইওয়ানকে চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। সেখানে চীনের তৎপরতা বাড়তে থাকায় পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সূত্র: রয়টার্স