মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’ নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে নিজেদের আধিপত্য বজায় রাখার আগ্রহও আর নেই ওয়াশিংটনের। মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় গ্লোবাল সিকিউরিটি ফোরামে এ কথা জানান যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক।
তবে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। বরং দীর্ঘদিন ধরে সরকার পরিবর্তনের প্রচেষ্টাসহ বিভিন্ন হস্তক্ষেপের পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন করে নির্ধারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ব্যারাক।
ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে এখন আর আলোচনা করছে না যুক্তরাষ্ট্র। বরং কীভাবে এ অঞ্চলে নিজেদের উপস্থিতি বজায় রাখা যায়, সেটিই এখন বিবেচনার বিষয়।
ব্যারাক বলেন, যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় না। আমরা এখন আর এ অঞ্চল নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করছি না। আমাদের আলোচনা হচ্ছে, কীভাবে মধ্যপ্রাচ্য ছেড়ে না গিয়ে সেখানে থাকা যায়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সীমাবদ্ধতা বুঝতে শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসব দেশ এখন উপলব্ধি করছে, নিজেদের সব সমস্যার সমাধানের জন্য ওয়াশিংটনের ওপর নির্ভর করা সম্ভব নয়।
ব্যারাক আরও বলেন, সরকার বা নেতৃত্ব পরিবর্তনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যখনই হস্তক্ষেপ করেছে, তখনই অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্তের ভুল স্পষ্ট হয়েছে।