চলতি মাসেই বেতন নিয়ে সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের বেতনে বাড়তি মূল বেতন যুক্ত হতে পারে সরকারি চাকরিজীবীদের। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দও রাখা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মে আগের হারেই বিভিন্ন ভাতা পাবেন তারা।

সোমবার (১৯ অক্টোবর) সরকারি চাকরিজীবীদের ভাতা প্রদানের বিষয়ে গত অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ভাতা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নির্ধারিত মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মে প্রচলিত মূল বেতনের ভিত্তিতে ভাতা দেওয়া হবে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। তখন জানানো হয়েছিল, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের বিষয়টি পরবর্তী সময়ে বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এই কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলেও বেতন ও ভাতার সব সুবিধা একসঙ্গে চালু হচ্ছে না। কয়েকটি ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন কাঠামোর মূল বেতন কার্যকর করা হবে। অন্যদিকে, সংশোধিত কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হওয়ার নির্ধারিত সময় ২০২৮ সালের ১ জানুয়ারি।

এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন নির্ধারণের কাজও চলছে। এ জন্য গত ৫ অক্টোবর থেকে সরকারি আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য জমা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের বেতন দেওয়ার সময় সরকারি কর্মচারীদের মূল বেতনে বাড়তি অর্থ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর না হওয়া পর্যন্ত আগের নিয়মেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।