ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরাম গ্রেফতার

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরামকে গ্রেফতার করা হয়েছে। আইএনএক্স মিডিয়া দুর্নীতির অভিযোগে গতকাল বুধবার দিল্লির জোড়বাগের বাসা থেকে চিদাম্বরামকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। স্থানীয় সময় রাত পৌনে দশটার দিকে তাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টাইমসের

আজ বৃহস্পতিবার সিবিআই’র বিশেষ আদালতে পেশ করা হতে পারে। বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ দিল্লি পুলিশ, ইডি কর্মকর্তা, সিবিআই কর্মকর্তাদের নিয়ে গঠিত বিশাল দল চিদাম্বরামের জোড়বাগের বাড়িতে যায়। মূল দরজা না খোলায় দেয়াল টপকে কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই সেখান থেকে চিদাম্বরামকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সিবিআই’র গাড়িতে দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় সাবেক অর্থমন্ত্রীকে।

দীর্ঘ ২৭ ঘণ্টা পর বুধবার রাতে প্রকাশ্যে আসেন সাবেক অর্থমন্ত্রী। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে চিদাম্বরামের জামিনের আর্জি খারিজ হয়। সেই থেকে আর দেখা যায়নি চিদাম্বরামকে। বাধ্য হয়েই তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপরই রাত সোয়া ৮টা নাগাদ দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছান চিদাম্বরাম। সেখানে অভিষেক মনু সিংভি, গুলাম নবি আজাদ এবং কপিল সিবালের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। বুধবার সকালেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদনের জন্য জরুরি ভিত্তিতে শুনানি শুরু করার অনুরোধ করেছিলেন চিদাম্বরাম। কিন্তু সেই আবেদনও গৃহীত হয়নি। ২০০৭ সালে আইএনএক্স মিডিয়ায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদনে অনিয়ম ও অর্থ আত্মসাতের মামালায় তাকে গ্রেফতার করা হয়। চিদাম্বরামকে নিয়ে গতকাল সারাদিন কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক চলে।