বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ট্রলিম্যানদের দাবি করা টাকা না দেয়ায় সময়মতো প্রসূতি মাকে অপারেশন থিয়েটারে পৌঁছতে না পাড়ায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা। এঘটনায় এক আয়াকে আটক এবং তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানান, বুধবার বিউটি বেগম নামে এক প্রসূতি মাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। বিকেলে তাকে অপারেশন থিয়েটারে নিতে বলেন চিকিৎসক। রোগীর স্বজনরা জানান, বিউটিকে তৃতীয় তলা থেকে পঞ্চম তলার অপারেশন থিয়েটারে নেয়ার সময় টাকা দাবি করেন ট্রলিম্যানরা। তাদের দাবি করা টাকা না থাকায় পরে দেয়ার অঙ্গিকার করলেও এতে রাজি হয়নি ট্রলিম্যানরা। ৪০/৪৫মিনিট পরে অন্য এক আয়া বিউটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এর কিছু পরে স্বজনদের কোলে নবজাতক দেয়া হলেও সে নড়াচরা না করায় অল্প সময়ের মধ্যেই মৃত বলে বুঝতে পারেন স্বজনরা। নবজাতকের এই মৃত্যুর জন্য ট্রলিম্যানদের দায়ী করেন স্বজনরা। ঘটনার সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান তারা।
আরও পড়ুন: ঈশ্বরদীতে মোটরসাইকেল চাপায় আহত ৩, পুলিশ লাঞ্ছিত
বুধবার রাত ৯টার দিকে কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় নবজাতকের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে। হালিমা বেগম নামে একজন আয়াকে আটক করা হয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
বিউটি বর্তমানে হাসপাতালের পোস্টঅপারেটিভে চিকিৎসাধিন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।
ইত্তেফাক/এমআরএম