অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ

গোলের বন্যায় ডুবল ভারত, বেনিনের ২৭ গোলের মহাকাব্য

গোলের পর গোল, থামার নাম নেই! প্রতিপক্ষের জালে একে একে ২৭ বার বল জড়িয়ে ভারতকে গোলের বন্যায় ভাসিয়েছে আফ্রিকার দেশ বেনিন। চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবলের মাঠে ২৭-০ গোলের এই জয় যেন রীতিমতো গোলের মহাকাব্য লিখল বেনিনের তরুণ ফুটবলাররা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ম্যাচটি চীনের সুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। এটি অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ।

সুজৌর মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের ওপর তাণ্ডব চালায় বেনিনের ফুটবলাররা। ক্ষিপ্র গতি ও আক্রমণাত্মক ফুটবলের সামনে ভারতের ডিফেন্স লাইন পুরোপুরি ভেঙে পড়ে। একের পর এক গোল করে ম্যাচটিকে একতরফা বানিয়ে ফেলা এই জয় টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ফলে টানা দুই ম্যাচ শেষে তাদের সংগৃহীত গোলসংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৩৪-এ! এর বিপরীতে নিজেদের রক্ষণভাগ নিটোল রেখে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি দলটি। এই টানা দুই জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ খ্যাত বেনিন দল।