ক্লাব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববার (২৫ অক্টোবর) ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে এই দুই স্প্যানিশ জায়ান্ট। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগেই বড় ধরনের ইনজুরি ধাক্কা পেয়েছে কাতালানরা। উরুর চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মিডফিল্ডার দানি ওলমো।
বুধবার (২১ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওলমোর চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে জানিয়েছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে দানি ওলমো তার বাঁ উরুর পেশিতে চোট পেয়েছেন। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার আনুমানিক এক মাসের মতো সময় লাগবে।’
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পার্ক দ্য প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির কাছে ৪-২ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই ম্যাচেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৬ বছর বয়সী ওলমো।
এক মাসের বিরতির কারণে রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকো ছাড়াও লা লিগায় অ্যালাভেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন ওলমো। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ এবং আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের নেশনস লিগের লড়াইয়েও তার খেলা হচ্ছে না।