ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের ঘটনায় পুরো জুয়েলারি খাতকে নেতিবাচকভাবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে বাজুস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়টি বাজুসের নজরে এসেছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো জুয়েলারি খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সমীচীন নয়। বাজুস অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অসংগতি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।
সংগঠনটি জানায়, দেশের অর্থনীতি, রাজস্ব আয় ও কর্মসংস্থানে জুয়েলারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২১) সংস্কারসহ জুয়েলারি খাতকে সুশৃঙ্খল ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত আট মাস ধরে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাজুস।
জুয়েলারি খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয় কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। এতে এ খাতে কর্মরত বহু মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হলে বৈধ পথে অর্থ দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডায়মন্ড ওয়ার্ল্ড একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখ করে বাজুস বলেছে, এর সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বাজুস।