দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু এন্টাপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), বাসযাত্রী পঞ্চগড়ের চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁওয়ের নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ডেনিস হাসপাতালের সামনে সকালের দিকে সোনার বাংলা পরিবহনের বাস রাজু এন্টারপ্রাইজের বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরেকজন মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান।

ইত্তেফাক/আরকেজি